দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে : রিজভী

Published: 31 August 2025

পোস্ট ডেস্ক :


দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে আশা করে বিএনপি।

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে।

এ নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলে আশ্বস্ত করেছে। আমরা আশাবাদী বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে।

‎‎পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পি আর পদ্ধতির চ্যালেঞ্জ নানা সময়ে তুলে ধরেছি।