জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

Published: 31 August 2025

পোস্ট ডেস্ক :


জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফরমেটে শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ, সেটা মেটানোর চেষ্টা করছে। জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা জানতে পেরেছি, এই কর্মসূচি করার আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে।

সরকার এসব বিষয় খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্যটা বুঝতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে? একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলবেন?’ তিনি বলেন, প্রথমে হামলা হয়েছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে। কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবে যদি কেউ সমর্থন দেয়ার চেষ্টা করে, সবাই মিলে তা প্রতিহত করতে হবে।