‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

Published: 6 September 2025

পোস্ট ডেস্ক :


অননুমোদিত সিসা বার পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে দেশের অনলাইন ক্যাসিনোর ডন হিসাবে পরিচিত সেই সেলিম মিয়া ওরফে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

রাজধানীর বারিধারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তালেবুর বলেন, অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

জানা গেছে, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।