এইচ-ওয়ান বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প
পোস্ট ডেস্ক :

এইচ-ওয়ান বি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ফির পরিমাণ বৃদ্ধি করে ১ লাখ ডলার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। বলা হয়েছে, অর্থ প্রদান করা না হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগে সমালোচকরা বলেন, এইচ-ওয়ান বি ভিসা মার্কিন কর্মীদের কর্মসক্ষমতা দুর্বল করে দিয়েছে। অন্যদিকে ইলন মাস্কের মতো এইচ-ওয়ান ভিসার সমর্থকেরা বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভা আকর্ষণ করার সুযোগ করে দেয়। আরেকটি আদেশে ট্রাম্প নির্দিষ্ট অভিবাসীদের জন্য ১ মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে ফি দিয়ে দ্রুত ভিসা প্রদানের জন্য নতুন গোল্ড কার্ড স্থাপন করেছেন।
এইচ-ওয়ান ভিসার বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রী হওয়ার্ড লুটনিক বলেন, এইচ ওয়ান- বি ভিসার জন্য বছরে এক লক্ষ্য ডলার প্রদান করতে হবে এবং এতে বড় কোম্পানিগুলো যুক্ত। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। কোম্পািনগুলোর উদ্দেশে তিনি বলেন, যদি আপনি কাউকে প্রশিক্ষণ দিতে চান তাহলে আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে সদ্য পাস করা কাউকে প্রশিক্ষণ দেবেন। মার্কিনীদের প্রশিক্ষণ দিন। আমাদের চাকরি কেড়ে নেয়ার জন্য লোক আনা বন্ধ করুন।
২০০৪ সাল থেকে এইচ-ওয়ান বি ভিসা আবেদনকারীদের সংখ্যা ৮৫ হাজারে সীমাবদ্ধ করা হয়েছে। এ পর্যন্ত এইচ-ওয়ান বি ভিসার জন্য মোট ১ হাজার ৫০০ ডলারের প্রশাসনিক ফি দিতে হতো। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরবর্তী অর্থবছরের জন্য এইচ-ওয়ান বি ভিসার আবেদন কমে ৩ লাখ ৫৯ হাজারে দাঁড়িয়েছে। যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরে এইচ-ওয়ান ভিসা থেকে বেশি লাভবান হয় আম্যাজন, টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো কোম্পানিগুলো। ওয়াটসন ইমিগ্রেশন ল নামের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাহমিনা ওয়াটসন বলেন, ট্রাম্পের ওই পদক্ষেপ তার অনেক গ্রাহকদের জন্য কফিনে পেরেক ঠুকার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। যারা যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসা পরিচালনা করে।




