দেশের পথে তারেক রহমান

Published: 24 December 2025

পোস্ট ডেস্ক :


দীর্ঘ ১৭ বছর পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।
এর আগে রাত আটটার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তাঁর বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো ‘চেক-ইন’ করান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা।
সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। পথিমধ্যে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠানটির আয়োজন করেছে বিএনপি। এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তারেক রহমান গুলশান এভিনিউতে ১৯৬নং বাসা যাবেন।
উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডন যান তিনি। এরপর লন্ডনেই নির্বাসিত জীবন যাপন করে আসছিলেন বিএনপির এই দ্বিতীয় শীর্ষ নেতা।