নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Published: 2 February 2026

পোস্ট ডেস্ক :


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে, অপরাধ করে কেউ পার পাবে না। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া সুরক্ষা অ্যাপের সহায়তায় এর আগে পূজা শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচনও শান্তিপূর্ণ হবে।’

সোমবার সকাল ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।

নির্বাচনে প্রশাসনের ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি ১০ হাজার র‍্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড ও প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।’

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।