বাজেটের প্রশংসায় মোদি, মমতা বললেন- ‘মিথ্যার জঞ্জাল’
পোস্ট ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষের বড় অংশ বাজেট নিয়ে অখুশি। অখুশি শিল্পমহলের একাংশ। রোববার বাজেট পেশের পর ভারতের শেয়ার বাজারে রক্তক্ষরণ হয়েছে। সূচকে এক হাজার পয়েন্টের পতন ঘটেছে।
তবে বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই বাজেট মানুষের চাহিদার বাজেট। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যেই এই বাজেট। এতে ভারতের অর্থ ব্যবস্থার আরও উন্নতি হবে। সংস্কার নতুন গতি পাবে। এই বাজেটে মূল্যবৃদ্ধি কমানোর দিশা বলেও তিনি মন্তব্য করেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, বড় বড় কথা বলেও, বাংলার জন্য কিছুই ঘোষণা করা হয়নি বলেও তোপ দাগেন তিনি। তার কথায়, বাংলা থেকে ভোট পাবে না জেনেই রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। তিনি বলেন, এই বাজেট হচ্ছে গারবেজ অফ লাই (মিথ্যার জঞ্জাল)। গোটা দেশে এখন একটাই কর কাঠামো, জিএসটি। বাংলার থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। একটা টাকা রাজ্যকে দিচ্ছে না। যে টাকার কথা বলা হয়েছে, সব আমাদের টাকা।’ এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ডানকুনি এবং গুজরাটের সুরাটের মধ্যে নতুন পণ্য (ফ্রেট) করিডর গঠন করা হবে বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ২০০৯ সালে রেলমন্ত্রী থাকার সময় এই পণ্য করিডর তৈরি করার ঘোষণা করেছিলেন তিনিই। তারপর ওই কাজ থমকে যায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট সম্পূর্ণ গরিব বিরোধী, মহিলা বিরোধী এবং কৃষকবিরোধী বাজেট। কোনও ক্ষেত্রেই সাধারণ মানুষের স্বার্থে কোনও দিশা নেই। তার কথায়, ঘোষণার ফুলঝুড়ি ছড়ালেও সাধারণ মানুষের জীবনে এর কোনও প্রভাব পড়বে না।
এদিকে, রোববার বাজেট পেশের পর জনগণের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আত্মনির্ভর ভারত প্রকল্পেও নতুন দিশা দেবে এই বাজেট। বিকশিত ভারত মজবুত হবে। আধুনিক বাস্তুতন্ত্র তৈরি হবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে। এই বাজেট পর্যটনে উৎসাহ দিয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে পর্যটন বাড়বে।’ বাজেটকে ‘সংস্কার এক্সপ্রেস’-এর গতি বাড়ানোর মাধ্যম হিসেবে বর্ণনা করে মোদি জানান, এতে দেশের সংস্কার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে, যা উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।




