সাজা বাতিলের আবেদন করেছেন ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী

Published: 9 February 2026

পোস্ট ডেস্ক :


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২০১৯ সালে দুটি মসজিদে গুলি চালিয়ে ৫১ জনকে হত্যার দায়ে দণ্ডিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারান্ট তার দণ্ড বাতিল চেয়ে সোমবার আপিল করেছে।

অস্ট্রেলীয় নাগরিক ও সাবেক জিম প্রশিক্ষক ট্যারান্ট নিউজিল্যান্ডের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার দায় স্বীকার করার পর ২০২০ সালের আগস্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এখন দণ্ডিত এই হত্যাকারীর দাবি, বিচার চলাকালে তাকে যে ‘নির্যাতনমূলক ও অমানবিকভাবে’ আটক অবস্থার মধ্যে রাখা হয়েছিল, তাতে তিনি দোষ স্বীকারের সময় যুক্তিসংগত সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন না।

আদালতের মামলার সারসংক্ষেপে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ওয়েলিংটনে কোর্ট অব আপিল যদি তার দণ্ড বহাল রাখে, তবে চলতি বছরের পরের দিকে তার সাজা নিয়ে আলাদা শুনানি অনুষ্ঠিত হবে।

প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ শাস্তি। নির্ধারিত সময়ের বাইরে আপিল করায় মামলাটিকে এগিয়ে নিতে ট্যারান্টকে আদালতের অনুমতি নিতে হবে।

২০১৯ সালের ১৫ মার্চ আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের একটি ভাণ্ডার নিয়ে ট্যারান্ট ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালান।

হামলার আগে তিনি অনলাইনে একটি ইশতেহার প্রকাশ করেন এবং ১৭ মিনিট ধরে হত্যাযজ্ঞ লাইভস্ট্রিম করেন।
এই নির্মম বর্বরোচিত হত্যাযজ্ঞে নিহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরাও ছিলেন।