তারেক রহমানকে অভিনন্দন জানালেন যেই বিশ্বনেতারা

Published: 13 February 2026

পোস্ট ডেস্ক :


জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এজন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই অভিনন্দন বার্তার খবর এক্স ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

ভারত

নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার তা‌রেক রহমানকে ফোন করার তথ‌্য নি‌জেই জা‌নি‌য়ে‌ছেন নরেন্দ্র মোদি।
এক্স হ‌্যা‌ন্ডেলে এক পো‌স্টে মোদি জানান, ‘জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই।


তিনি আরো লিখেছেন, ‘গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক।

বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।’ তিনি আরো বলেন, ‘আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।’
মালদ্বীপ

জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

মোহাম্মদ মুইজ্জু তার বার্তায় জানান, তিনি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অংশীদারত্ব আগামী বছরগুলোতে নতুন সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আরও শক্তিশালী হবে।

নেপাল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আমাদের প্রতিবেশী সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।

মালয়েশিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তি‌নি গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কের এক পো‌স্টে তিনি লেখেন, ‘আমি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের বড় নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।’

এটি গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণ কঠিন চ্যালেঞ্জের সময় ব্যালট বাক্সে তা‌দের কথা বলেছে। আনোয়ার ইব্রাহিম লি‌খে‌ছেন, আমি আমার প্রিয় বন্ধু ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছেও কৃতজ্ঞতা জানাতে চাই, এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলা নিশ্চিত করার জন্য।

তি‌নি আরো লি‌খে‌ছেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন উদ্যম আনতে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য মালয়েশিয়া উন্মুখ।

পাকিস্তান

শেহবাজ শরিফ

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান। তিনি বলেছেন, ‘আমি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম, বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ স্বপ্ন এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি, সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

আসিফ আলী জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।’ তিনি জানান, বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বিস্তৃত করতে ইসলামাবাদ আগ্রহী।

তিনি আরো আশা প্রকাশ করেন, ঢাকায় সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় আরো ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মাননির্ভর সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

চীনা দূতাবাস

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও শুভেচ্ছা জানানো হয় দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে।

ফেসবুক বার্তায় দূতাবাস জানায়, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

মার্কিন দূতাবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।

সেখানে আরো বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’