ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

Published: 14 February 2026

পোস্ট ডেস্ক :


ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলে এই অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন দুই কর্মকর্তা। সংবেদনশীল পরিকল্পনার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স-কে দেয়া এই তথ্য যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকরা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এর আগে ট্রাম্প প্রশাসন অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করায় নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এর সঙ্গে হাজারো সেনা, যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ বিভিন্ন সামরিক সক্ষমতা যুক্ত করা হচ্ছে, যা হামলা ও প্রতিরক্ষায় ব্যবহৃত হতে পারে।

নর্থ ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা করা কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, কখনো কখনো ভয় দেখানো প্রয়োজন হয়। সেটিই পরিস্থিতি সমাধানে কার্যকর হতে পারে।

সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্টের সামনে সব বিকল্প খোলা রয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন।