নাটোরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
পোস্ট ডেস্ক :

নাটোরের লালপুরে নির্বাচনোত্তর সহিংসতায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের দুই কর্মীকে মারধর করেন। পরে খবর পেয়ে বিএনপির সমর্থকরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় টিপুর আটজন সমর্থক আহত হন। দুজনকে অবরুদ্ধ করে রাখা হয়।
আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




