থানার পুকুরে সেচে মিলল বিপুল পরিমাণ বন্দুকের কার্তুজ

Published: 22 February 2026

পোস্ট ডেস্ক :


ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে পুলিশের লুট হওয়া ১২ বোর শটগানের ২১৯টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের দিনে দাগনভূঞা থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি লুণ্ঠিত হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার মাধ্যমে উদ্ধার অভিযান তৎপরতা অব্যাহত ছিল।

তারই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাগনভূঞা থানা ভবন সংলগ্ন পুকুরে থেকে লুণ্ঠিত অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরটি সেচের দিক-নির্দেশনা প্রদান করেন। সেচের একপর্যায়ে পুকুরের উত্তর পাড়ের কাদামাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোর শটগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, উদ্ধার করা কার্তুজের মধ্যে বাংলাদেশ পুলিশ লেখা আছে।

থানা থেকে লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।