বাংলাদেশ-ভারত জনকেন্দ্রিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা প্রণয় ভার্মার

Published: 22 February 2026

পোস্ট ডেস্ক :


বাংলাদেশ-ভারত জনকেন্দ্রিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা। এছাড়া নির্বাচিত নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও জনগণের সুবিধাকে অগ্রাধিকার দেয়ার কথাও জানান তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। প্রণয় ভার্মা বলেন, ‘আজকের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি পুনরায় আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী। আমি জানিয়েছি, আমরা পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে চাই। একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আপনারা অবগত আছেন যে, নির্বাচনের পর থেকে আমাদের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ে বেশ কিছু যোগাযোগ হয়েছে। গত ১৩ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একইদিনে তারা টেলিফোনে কথা বলেন। পরবর্তীতে ১৭ই ফেব্রুয়ারি যখন নতুন সরকার শপথ নেয়, তখন ভারতের লোকসভার স্পিকার ঢাকায় গিয়ে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নতুন প্রধানমন্ত্রী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের সময় লোকসভার স্পিকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী রহমানের হাতে তুলে দেন। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার এবং বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।