মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়লে মানবে না ইইউ

Published: 23 February 2026

পোস্ট ডেস্ক :


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করার পরও নতুন করে সব পণ্যে শুল্ক আরোপে না মানার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় কমিশন যুক্তরাষ্ট্রকে গত বছর স্বাক্ষরিত ইইউ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি-এর শর্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছে। কমিশন মনে করাচ্ছে, ‘চুক্তি মানেই চুক্তি’ এবং উভয় পক্ষের দায়িত্বে রয়েছে ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক উপকারী বাণিজ্য নিশ্চিত করা।

মার্কিন সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হওয়ার পর ট্রাম্প প্রথমে সব পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা পরে ১৫ শতাংশে উন্নীত করা হয়। এই পরিস্থিতিতে ইউরোপীয় কমিশন ওয়াশিংটনকে পুরোপুরি স্বচ্ছভাবে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

গত বছরের চুক্তি অনুযায়ী, ইস্পাত ও খাতভিত্তিক শুল্কের বাইরে থাকা অধিকাংশ ইইউ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশ নির্ধারিত ছিল, যদিও বিমান ও যন্ত্রাংশের মতো কিছু পণ্য শুল্কমুক্ত থাকত। পাল্টা ব্যবস্থা হিসেবে ইইউ বহু মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছিল।

রয়টার্স জানিয়েছে, নতুন ১৫ শতাংশ শুল্ক চুক্তির পরিপন্থী কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এতে ইইউর তুলনামূলক সুবিধা কমে যেতে পারে, কারণ অন্যান্য চুক্তিবিহীন দেশগুলোকেও একই হারে শুল্ক আরোপিত হচ্ছে।

বাণিজ্য পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল ট্রেড অ্যালার্ট মনে করিয়েছে, এতে ইইউ সামগ্রিকভাবে শূন্য দশমিক ৮ শতাংশ পয়েন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং ইতালির জন্য অতিরিক্ত ১ দশমিক ৭ শতাংশ পয়েন্ট শুল্ক চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তাদের পণ্যগুলোকে পূর্বনির্ধারিত সর্বোচ্চ সীমার বাইরে কোনো শুল্ক ছাড়াই প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে হবে। অনিশ্চিত শুল্কনীতি বৈশ্বিক বাজারে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং বাণিজ্যিক আস্থা নষ্ট করতে পারে বলে তারা সতর্ক করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইইউর বাণিজ্য কমিশনার মারোস শেফচোভিচ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক-এর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।