ভারী বৃষ্টিতে গাজায় ত্রাণশিবির প্লাবিত, ইসরাইলি হামলায় আরও ২ ফিলিস্তিনি নিহত

Published: 24 February 2026

পোস্ট ডেস্ক :


গাজাজুড়ে শীতকালীন ভারী বৃষ্টিতে অস্থায়ী ত্রাণশিবিরগুলো পানিতে তলিয়ে গেছে। পবিত্র রমজান মাস শুরুর পর প্রথম বড় শীতকালীন ঝড়ে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত উপকূলীয় এই অবরুদ্ধ ভূখণ্ড ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এ খবর দিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, গাজার সিভিল ডিফেন্স ইউনিট জানিয়েছে, রাতে একাধিক জরুরি সহায়তার কল পাওয়া যায়। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি ক্যাম্পে বহু পরিবারের তাঁবু পানিতে ডুবে গেলে উদ্ধারকর্মীরা জরুরি সহায়তা দেন।

গাজা সিটির পশ্চিমাঞ্চল, বিশেষ করে রেমাল এলাকা ও সমুদ্রবন্দর সংলগ্ন অঞ্চলও ব্যাপক ক্ষতির মুখে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেমালে পানিতে ডুবে থাকা তাঁবুর মধ্যে বাসিন্দারা সামান্য জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছেন।

এদিকে গত অক্টোবরে হামাসের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় দখলদার বাহিনীর অভিযানে এক কিশোরসহ দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় ছয়শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।