সময়ক্ষেপণ রোধে নতুন নিয়ম আনছে ফিফা

Published: 24 February 2026

পোস্ট ডেস্ক :


সময়ক্ষেপণ কমিয়ে ফুটবলকে আরও গতিময় ও আকর্ষণীয় করতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে ফিফা। মাঠের খেলায় অহেতুক দেরি করা রুখতে থ্রো-ইন এবং গোল কিকের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথা ভাবছেন নীতিনির্ধারকরা। প্রেস এসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ থেকেই পরীক্ষামূলকভাবে ‘পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন’ পদ্ধতি চালু হতে পারে।

নতুন প্রস্তাব অনুযায়ী, রেফারি যদি মনে করেন কোনো খেলোয়াড় থ্রো-ইন বা গোল কিকের সময় ইচ্ছাকৃতভাবে দেরি করছেন, তবে তিনি বাঁশি বাজিয়ে সময় গণনা (কাউন্টডাউন) শুরু করবেন। নির্ধারিত ৫ সেকেন্ডের মধ্যে বল মাঠে না পাঠালে শাস্তি হিসেবে বলের দখল হারাবে ওই দল। থ্রো-ইনের ক্ষেত্রে প্রতিপক্ষ দল থ্রো-ইন পাবে। আর গোল কিকের ক্ষেত্রে প্রতিপক্ষকে দেয়া হবে কর্নার কিক।

এই নতুন নিয়মের প্রস্তাব আগামী শনিবার ওয়েলসে আন্তর্জাতিক ফুটবল এসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সাধারণ সভায় তোলা হবে। সেখানে সবুজ সংকেত মিললে ১লা জুলাই থেকে বিশ্বকাপের নকআউট পর্বেই এটি কার্যকর হতে পারে। ইতিমধ্যেই গোলরক্ষকদের জন্য আট সেকেন্ডের নিয়ম সফল হওয়ায় উৎসাহিত হয়েই নতুন এই পদক্ষেপ নিতে যাচ্ছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা।

শুধু থ্রো-ইন নয়, খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও কড়াকড়ি আনছে আইএফএবি। প্রতিটি খেলোয়াড় বদলের জন্য সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় দেয়া হবে। এই সময়সীমা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দলকে চড়া মূল্য দিতে হবে। নিয়ম ভঙ্গ করলে ওই দলকে অন্তত এক মিনিটের জন্য একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হবে; সঙ্গে সঙ্গে তারা বদলি খেলোয়াড় নামাতে পারবে না।