ইরানে ফল বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

Published: 24 February 2026

পোস্ট ডেস্ক :


ইরানের মধ্যাঞ্চলের ফল ও সবজির বাজারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী তেহরান থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকা। ইসফাহান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে এবং সাম্প্রতিক ইরান-ইসরাইল উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, সেটিও এই অঞ্চলে।

রাষ্ট্রীয় টিভির তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি প্রশিক্ষণের কর্মসূচি হিসেবে আকাশে উড়ছিল। দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে বাজার এলাকায় ধ্বংসাবশেষ ও ধোঁয়া উঠতে দেখা গেছে।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ভূমিতে থাকা আরও দুজন ব্যক্তি নিহত হয়েছেন।

এক সপ্তাহেরও কম সময়ে এটি ইরানে দ্বিতীয় বিমান দুর্ঘটনা। এর আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরের কাছে একটি এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন।
ইরানে অতীতেও একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে খুচরা যন্ত্রাংশের সংকট তৈরি হওয়ায় দেশটি পুরোনো হেলিকপ্টার ও বিমান বহরের ওপর নির্ভরশীল। যা সরকারি ও বাণিজ্যিক উড্ডয়নে ব্যবহৃত হয়।