বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা
পোস্ট ডেস্ক :

সব জল্পনার অবসান হলো। অবশেষে ভারতের দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে সেরেছেন। তাও আবার দুই রীতিতে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়েছে। গতকাল সকালে রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রথম তেলেগু রীতিতে বিয়ে সেরেছেন তারা। আবার বিকালে রাশমিকার পরিবারের কর্ণাটকের কোডাভা নিয়মানুসারে বিয়ে হয়। এই তারকা জুটির বিয়েতে আদ্যোপান্ত ছিল খাঁটি দক্ষিণী ছোঁয়া। খাবার মেনু থেকে সাজপোশাক সবকিছুতে নিজেদের শিকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছিল দুই পরিবার। তারকা যুগলের বিয়ের মেনুতে ছিল খাঁটি দক্ষিণী খাবার। ওয়েলকাম ড্রিংকে নারিকেল পানি। ভূরিভোজ কলাপাতায়। ছিল তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের নানা সুস্বাদু খাবার। বিয়ে উপলক্ষে আগের দিনই অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তায় নবদম্পতির নতুন জীবন শুরুর জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। পাশাপাশি দুই পরিবারের প্রতিও অভিনন্দন জানিয়ে তাদের সুখী ও সফল দাম্পত্য জীবন কামনা করা হয়। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ঠা মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।




