জাবিতে ধর্ষণের বিচার দাবিতে ছাত্রীদের বিক্ষোভ মিছিল
পোস্ট ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ ও ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রীরা। বিভিন্ন হলের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকেল ৩ টার দিকে মিছিলটি হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস এম তারিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ঘটনায় প্রশাসনের ভূমিকা হতাশাজনক। তারা প্রশাসনের গাফিলতি ও উদাসীনতার সমালোচনা করেন।
অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নাজীহা বিনতে শামসুদ্দিন বলেন, “একজন শিক্ষার্থীর ওপর অমানবিক নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর ঘটনায় প্রশাসনিক উদাসীনতা মেনে নেওয়া যায় না। আমরা এই উদাসীনতা আর সহ্য করব না। এমন ঢিলেঢালা মনোভাবই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের অনিরাপত্তার জন্য দায়ী।’
তিনি আরো বলেন,‘তারিকুলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে যেসব আমলাতান্ত্রিক ও কাঠামোগত দুর্বলতার কারণে এমন ঘটনা ঘটে, সেগুলো দ্রুত সমাধান করতে হবে। যৌন নিপীড়নবিরোধী সেলকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং নারী নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে।’
লোকপ্রশাসন বিভাগের ৫২ব্যাচের শিক্ষার্থী সানজিদা নূর বলেন, ‘আজকের এই মিছিল প্রশাসনের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থতার প্রতিবাদে। বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান শিক্ষার্থী সাবেক এক শিক্ষার্থীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
নির্যাতনের বর্ণনা এতটাই ভয়াবহ যে তা ভাষায় প্রকাশ করা কঠিন, অথচ প্রশাসন দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পাঁচ দিন পর কেবল সাময়িকভাবে একাডেমিক সনদ স্থগিত করা হয়েছে। প্রশাসনের উচিত ছিল শুরু থেকেই প্রয়োজনীয় সব তথ্য পুলিশকে দিয়ে গ্রেপ্তার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া।’




