কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

Published: 1 March 2026

পোস্ট ডেস্ক :


কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি বলেন, ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে চার বাংলাদেশি প্রবাসী আহত হন। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দৌলতপুর গ্রামের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়া থানার ভুলবাড়িয়া গ্রামের রকিবুল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জ থানার লতিফপুর গ্রামের মাসুদুর রহমান ও কুমিল্লার হোমনা থানার পাথালিয়াকান্দি গ্রামের দুলাল মিয়া। এদের মধ্যে ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দূতাবাসের পক্ষ থেকে আহত সকলের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়াও অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য সকল প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ড্রোন হামলায় বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হামলার পরপরই কুয়েতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো বিমানবন্দর এলাকা ঘিরে ফেলেন। সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়।