ভারতে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

Published: 1 March 2026

পোস্ট ডেস্ক :
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে বেসরকারি বিস্ফোরক প্রস্তুতকারী সংস্থার কারখানায় রোববার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, নাগপুরের কাছে কাটোলের রাউলগাঁওয়ে অবস্থিত এসবিএল এনার্জি লিমিটেড নামের এই সংস্থা শিল্পের কাজে খনিতে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে। অন্যান্য দিনের মতো রোববার সকালে কারখানায় কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা। সকাল ৬টা থেকে ৭টা নাগাদ ডেটোনেটর তৈরির প্রক্রিয়া চলাকালীন শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বহুদূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

সংবাদ সংস্থার খবর, দুর্ঘটনার সময় কারখানায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১৮ জন। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে কারখানার একাধিক অংশ। সেখানেও কিছু শ্রমিক আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে।