মার্কিন-ইসরায়েল-ইরান যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কা

Published: 2 March 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের তেহরানে ধোঁয়ার কুণ্ডলী ছড়ালে পাখিরা উড়ে যায়। গতকাল তোলা। ছবি : রয়টার্স
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ব্যাপক বোমাবর্ষণ এবং পাল্টা জবাবে ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে দুই পক্ষই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এদিকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’ তবে আশঙ্কা করা হচ্ছে, উপসাগরীয় দেশ বাহরাইন, আমিরাত ও কাতার উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে যেতে পারে।

গতকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমানবাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। গতকাল রেভল্যুশনারি
গার্ডের বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় ‘খায়বার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চালানোর দাবি করেছে।

এ ছাড়া সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড এবং ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা সোমবার ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক বছরের বেশি সময়ের মধ্যে এটিই হিজবুল্লাহর প্রথম হামলা।
যুদ্ধের বিস্তার ঘটায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও জড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছে।

উপসাগরীয় রাষ্ট্রগুলো সতর্ক করে দিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তাঁরা ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে।
কুয়েতে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত : সবকিছু ছাপিয়ে যে বিষয়টি সোমবার সবচেয়ে মনোযোগ কেড়েছে, সেটি হলো মার্কিনদের গর্ব তিনটি এফ-১৫ জঙ্গিবিমান ঘায়েল হওয়া। সোমবার কুয়েতে এই ঘটনা ঘটেছে। ইরানি কর্তৃপক্ষ বিমান ঘায়েলের একটি ভিডিও প্রকাশ করেছে।

আবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএনও তথ্যটি প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত তিনটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল। এর আগে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে সোমবার হামলা চালানোর কথা জানায় ইরানের সেনাবাহিনী।
পরিধি বেড়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কা

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি সোমবার এ কথা বলেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরসের বৈঠক হয়। ওই সময় সাংবাদিকদের নাজাফি বলেন, গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে।

রাস তানুরা শোধনাগার বন্ধ : সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকো কর্তৃপক্ষ তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছে, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর চেষ্টার সময় প্রতিহত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এ সময় আগুন লেগে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দুবাই আবুধাবি দোহা মানামা জেরুজালেমে বিস্ফোরণ : সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে সোমবার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণ হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে একটি হামলা হয়েছে। এটি ড্রোন হামলা বলে সন্দেহ করা হচ্ছে। পরে সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্তানতিনোস লেতিম্বিওতিস জানান, ব্রিটিশ ওই ঘাঁটিতে চালকবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তেহরানে ফের শক্তিশালী হামলা : ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরো এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ভোরে এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অভিযানের সময়সীমা নিয়ে ট্রাম্প বলেন, ‘এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা হিসাব করে দেখেছি, এটি চার সপ্তাহের মতোই সময় নেবে।’ ইরানের আয়তন ও সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেশটি শক্তিশালী ও বড় হলেও (পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে) চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।’

ইরানে হামলার হুমকি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের : মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের প্রভাবশালী এই তিন দেশের নেতারা বলেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে তাঁরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে যুক্ত ছিল না, তাঁদের ওপর তেহরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আমাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার উৎসস্থল ধ্বংস করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’ সূত্র : সিএনএন, আলজাজিরা, বিবিসি, রয়টার্স