১১ সদস্যের সংসদ কমিটি গঠন, নেতৃত্বে যারা

Published: 12 March 2026

পোস্ট ডেস্ক :


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে নূরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের একটি সংসদ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে কণ্ঠভোটে তা অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম এবং আবুল হাসনাত।

এর আগে সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়।

অধিবেশন শুরুর কিছু আগে সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।

সংসদ সদস্য হিসেবে এটিই ছিল তারেক রহমানের প্রথম সংসদে প্রবেশ।
অধিবেশন শুরুর আনুষ্ঠানিকতা পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। পরে সংসদ নেতা তারেক রহমান প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে মনোনয়নের প্রস্তাব দেন। এ প্রস্তাবে সমর্থন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংসদ সদস্যদের সমর্থনের পর সার্জেন্ট-অ্যাট-আর্মস আনুষ্ঠানিকভাবে খন্দকার মোশাররফ হোসেনকে স্পিকারের আসনে নিয়ে যান এবং অধিবেশন পরিচালনা শুরু হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।