জামায়াতের ছায়া মন্ত্রিসভার তালিকা প্রস্তুত, নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে থাকছেন যারা
পোস্ট ডেস্ক :

প্রথমবারের মতো দেশের প্রধান বিরোধী দলের অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৬৮ জন সংসদ সদস্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রবেশ করার আগেই দলটি জানিয়েছে ছায়া মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছে তারা। সেই থেকে দেশের রাজনীতিতে নতুন আলোচনায় ছায়া মন্ত্রিপরিষদ।
জামায়াতের ছায়া মন্ত্রিপরিষদ গঠন প্রক্রিয়ায় কাজ করছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির।
তিনি বলছেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার মতো উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশের সংসদীয় রাজনীতিকে ঢেলে সাজাতে ছায়া মন্ত্রিপরিষদ গঠনের কথা ভাবছে জামায়াত। যার কাজ হবে সরকারের মন্ত্রণালয়গুলোর বিভিন্ন পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা। ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা।
জামায়াতের দলীয় একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে ছায়া মন্ত্রিসভার খসড়া তালিকা তৈরি করেছে জামায়াত।
যেখানে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি যোগ্যতার বিবেচনায় রাখা হয়েছে অন্যদেরও।
এ অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলছেন, এই মন্ত্রিসভার আকার হবে সরকারের মন্ত্রিসভার প্রায় সমান। এখানে রাজনীতিবিদের পাশাপাশি ছায়ামন্ত্রী হিসেবে রাখা হবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মন্ত্রীদের সহযোগিতায় গবেষকদের নিয়ে থাকবে বিশেষ সেক্রেটারিয়েটও।
তিনি বলেন, ‘শুধু যে সংসদ সদস্যদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন হবে, তেমনটা নয়। এখানে আমরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও কাজে লাগাব। তাদের সঙ্গে থাকবে সাবেক আমলা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক ও ছাত্র প্রতিনিধির একটি টিম। আমরা প্রাথমিক তালিকা করেছি, আবার সেটি পর্যালোচনা করছি। যেহেতু বাংলাদেশে এটি নতুন ধারণা তাই ব্যাপক যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
এ জন্য একটু দেরি হচ্ছে। আশা করি, ভালো কিছু হবে।’




