৪৪ বছর পর সেই গান কন্ঠে তুললেন সাবিনা ইয়াসমিন
পোস্ট ডেস্ক :

দেশের চলচ্চিত্র ইতিহাসের জনপ্রিয় একটি গান ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে ‘মানসী’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গানটি আজও মানুষের অনুভূতি জুড়ে আছে। দীর্ঘ ৪৪ বছর পর গানটি আবারও ‘দম’ সিনেমার জন্য গাইলেন তিনি। নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। লিখেছেন তন্ময় পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। ১১ মার্চ দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। সাবিনা ইয়াসমিন বলেন, নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। সিনেমায় গানটি ব্যবহার নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ বাংলাদেশী গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। ‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। ‘দম’ সিনেমাটাও এমন যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।




