শৈলকুপায় ভিজিএফ কার্ড নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৯

Published: 13 March 2026

পোস্ট ডেস্ক :


ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ কার্ড নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চর গোলকনগর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা সবাই শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও অসঙ্গঠনের নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা।

 

গ্রেপ্তারদের মধ্যে মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়াসহ ১৯ জন নেতাকর্মী রয়েছেন।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জাসা যায়, এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চর গোলকনগর গ্রামে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বাধে।

ঈদ সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণে প্রভাব বিস্তার ও কার্ডের ভাগ-বাটোয়ারা নিয়ে মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্করের মাঝে বাগবিতণ্ডা হয়। এরই জেরে দুই নেতার সমর্থকরা বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।