চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে ৭০৫ জন গ্রেপ্তার

Published: 16 March 2026

পোস্ট ডেস্ক :


চট্টগ্রাম মহানগরে বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’ পরিচালনা করে গত দুই সপ্তাহে ৭০৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, গত ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৯৭ জন মাদক কারবারি, ৩৬৭ জন ছিনতাইকারী, ২৪ জন চাঁদাবাজ, ১৪৮ জন কিশোর গ্যাং সদস্য এবং ৬৯ জন জুয়াড়ি রয়েছে। অভিযান চলাকালে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী একটি বিদেশি স্টেনগান (এসএমজি), একটি বিদেশি সাবমেশিনগান (এসএমসি), একটি ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করে। পাশাপাশি ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, এসএমজির তিনটি ম্যাগাজিন ও পিস্তলের তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়।

এ সময় বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্রের মধ্যে একটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় কিরিচ, একটি রামদা, আটটি ছোরা, তিনটি ধামা, দুটি চাপাতি ও একটি কাঁচি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৪০টি চোরাই মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।