টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত
পোস্ট ডেস্ক :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক আকবর আলী (৫৫), অটোরিকশার যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সীর ছেলে ওমর ফারুক (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন মিয়া (৬০)
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, মঙ্গলবার বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাটি মধুপুর যাচ্ছিলো। এসময় ধনবাড়ী উপহেলার নল্যা বাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। আইনগত প্রকৃিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।




