সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি ৯ মানবাধিকার সংগঠনের চিঠি

Published: 18 March 2026

পোস্ট ডেস্ক :


বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে জরুরি পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখেছে সাংবাদিকদের অধিকার বিষয়ক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ও অন্য আটটি মানবাধিকার বিষয়ক সংগঠন। চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিপিজে, সিভিকাস, এফআইডিএইচ, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট অ্যান্ড ইথেল কেনেডি হিউম্যান রাইটস সেন্টার ও টেকগ্লোবাল ইনস্টিটিউট।

প্রকাশ্যে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের নিরপেক্ষতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার, আটক সাংবাদিকদের মুক্তি দেয়ার এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো সাইবার অপরাধ আইনের আওতায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে যৌথ চিঠিতে। এতে স্বাক্ষরকারীরা আরও দাবি করেছেন, যেন যাচ্ছেতাই নজরদারি, সেন্সরশিপ এবং ইন্টারনেট বন্ধ করার প্রথা বন্ধ করা হয়। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করারও আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, চিঠিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে যাতে তারা সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা যেমন প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনাগুলো নিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে।