তেহরানে লারিজানির জানাজায় জনতার ঢল

Published: 18 March 2026

পোস্ট ডেস্ক :


ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি, বাসিজ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ। খবরে বলা হয়েছে, লারিজানির সঙ্গে নৌবাহিনীর ডজনখানেক সদস্যেরও জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শীর্ষ এই কর্মকর্তাদের শেষ বিদায় জানাতে তেহরানে লাখ লাখ মানুষ উপস্থিত হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি গত ১৭ মার্চ তেহরানে ইসরাইলের বিমান হামলায় তার ছেলের সঙ্গে নিহত হয়েছেন। একইভাবে, বাসিজ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলেইমানিও তেহরানে ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় প্রাণ হারিয়েছেন।

এদিনের অনুষ্ঠানে ইরানি নৌবাহিনীর নিহত নাবিকদের জানাজাও অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কার উপকূলের কাছে ৪ মার্চ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে বহু নৌসেনা নিহত হন।