দেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী যেভাবে উদ্‌যাপন হলো

Published: 18 March 2026

পোস্ট ডেস্ক :


অনেকটা নীরবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ। গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে মাঝেমধ্যে ঝটিকা মিছিল ছাড়া আর কোনো কর্মসূচি পালন করতে পারেননি দলটির নেতাকর্মীরা। গতকাল বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকীর দিনে আওয়ামী লীগের ফেসবুুক পেজে কিছু কর্মসূচির প্রচার ছাড়া আর কোনো উদ্‌যাপন দেখা যায়নি। দিবসটি উপলক্ষে ফেসবুক পেজে দলীয় সভাপতি শেখ হাসিনার একটি বক্তব্য প্রচার করা হয়। এ দিবস উপলক্ষে ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঝিলটুলি এলাকার পানির ট্যাংকি মোড় এলাকা থেকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে পর্যন্ত হঠাৎ করেই মিছিলটি বের হয়। একটি ভিডিও থেকে জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ২০ থেকে ২২ জন ছাত্রলীগ কর্মী ব্যানার হাতে মিছিলে অংশ নেন। ভিডিওটি তামজিদুল রশিদ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘তামজিদুল রশীদ চৌধুরী’ থেকে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শর্ট নোটিশে আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ নেই। ইতিমধ্যে ভিডিওটি পুলিশের হাতে এসেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়েছেন। এর বাইরে আর কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ ১৭ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে। অন্তর্বর্তীকালীন সরকার এই দিবসসহ আওয়ামী লীগ সরকারের সময়ে পালন করা বেশ কয়েকটি দিবস বাতিল করেছে।