সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, একজন আহত
পোস্ট ডেস্ক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঈদ উদযাপন করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত এবং অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাগরি শাহী ঈদগা মাঠের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) এবং একই গ্রামের আক্কেল আলীর ছেলে দুবাই প্রবাসী সাইদুল ইসলাম (৩০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঈদ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তাহিরপুর উপজেলার পর্যটন স্পট শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঘাগরি শাহী ঈদগা মাঠের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় গুরুতর আহত হয়ে মারা যান।
পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে দ্রুত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর এক বন্ধু বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে শিমুল বাগান দেখতে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




