বিড়ালকে বাঁচাতে গিয়ে তরুণীর করুণ পরিণতি
পোস্ট ডেস্ক :

ছাদের কার্নিশ থেকে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে এক তরুণীর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার সকালে রাজধানীর শাহজাদপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বন্যা কস্তা (৩৬)। তার গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে। তিনি রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
পরিবার জানিয়েছে, স্বামীরসহ বন্যা তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে প্রিয় বিড়ালকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি ছাদে উঠে যান। বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পান। সেখান থেকে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্যার কোনো সন্তান ছিল না। বিড়ালটিকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুল ছালাম জানান, ঢাকায় বন্যা কস্তার মৃত্যুর সংবাদ শুনেছি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।




