প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

Published: 27 March 2026

পোস্ট ডেস্ক :


বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। আর সেই তালিকায় বরাবরই শীর্ষে থাকেন মালাইকা অরোরা। সম্পর্ক, বিচ্ছেদ কিংবা নতুন প্রেম—সব কিছু ঘিরেই তাকে নিয়ে তৈরি হয় নানা জল্পনা। তবে এবার এসব গুঞ্জন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, তাকে ঘিরে ছড়ানো প্রেমের গুঞ্জন এখন আর তাকে বিচলিত করে না। বরং বিষয়টিকে তিনি হাস্যরসের সঙ্গেই নেন। এই বিষয়ে তার সবচেয়ে বড় সঙ্গী তার ছেলে আরহান খান।

মালাইকার ভাষায়, ‘এসব নিয়ে এখন আমরা দুজন মিলে হাসাহাসি করি।


সম্প্রতি সোরাব বেদি-র সঙ্গে একটি ছবি প্রকাশের পর নতুন করে গুঞ্জন ছড়ায়। তবে এ বিষয়ে মালাইকা স্পষ্ট করে দেন, এসব আর গুরুত্ব দেন না তিনি।

একজন সিঙ্গেল মা হিসেবে নিজের জীবন গড়ে তোলাকেই নিজের সবচেয়ে বড় অর্জন মনে করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘শুরু থেকে নিজের জীবন তৈরি করতে পারা আমাকে অনুপ্রাণিত করে।

সঙ্গী থাকা অবশ্যই ভালো, কিন্তু আমি সেটার জন্য মরিয়া নই।’
নিজের স্বাধীনতা ও পরিচয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। সম্পর্ক প্রসঙ্গে মালাইকার দৃঢ় অবস্থান, ‘আমি নিজেকে সম্পূর্ণ করতে একজন পুরুষের প্রয়োজন অনুভব করি না। যদি কখনো সম্পর্কে জড়াই, সেটা আমার নিজের শর্তে হবে।’

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, এখন এমন অবস্থা হয়েছে যে, তিনি যাঁর সঙ্গেই দেখা করেন, তার সঙ্গেই সম্পর্কের গুঞ্জন জুড়ে দেওয়া হয়—সে বন্ধু, সহকর্মী বা পরিচিত যেই হোক না কেন।

বিষয়টি এখন তার পরিবারও হালকাভাবে নেয়।
ব্যক্তিগত জীবনের দিকে তাকালে, দীর্ঘদিন আরবাজ খান-এর সঙ্গে দাম্পত্য জীবনে ছিলেন মালাইকা। প্রায় দুই দশকের সেই সম্পর্কের ইতি ঘটে ২০১৭ সালে। পরবর্তীতে ২০১৮ সালে অর্জুন কাপুর-এর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্কও দীর্ঘদিন আলোচনায় থাকার পর ২০২৪ সালে ভেঙে যায়।

ব্যক্তিগত জীবনের বাইরে কাজের ক্ষেত্রেও সমানভাবে সক্রিয় মালাইকা অরোরা। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত থামা ছবির ‘পয়জন বেবি’ গানটি তাকে নতুন করে আলোচনায় আনে। পাশাপাশি মিউজিক ভিডিও, রিয়েলিটি শো এবং ফিটনেস জগতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন মালাইকা। তার বই ‘ইটস ইজি টু বি হেলদি’ ইতিমধ্যেই পাঠকদের নজর কাড়ছে।