সুনামগঞ্জে পাওনা টাকার জেরে হামলায় টমটম চালক নিহত

Published: 27 March 2026

পোস্ট ডেস্ক :


সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত টমটম চালক এমরান হোসেন (১৬) মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত এমরান হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাটারিচালিত টমটম গ্যারেজের মালিক বাদশা মিয়ার কাছে এমরানের ৫০ টাকা পাওনা ছিল। বকেয়া টাকা নিয়ে গত ২৪ মার্চ সন্ধ্যায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বাদশা মিয়ার পক্ষ নিয়ে প্রতিবেশী টমটম চালক জাকির হোসেন (৩২) লোহার রড দিয়ে এমরানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে আহত এমরানকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার নাম পরিচয় পরে জানানো হবে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।