ভারত থেকে আসছে আরো ৭ হাজার টন ডিজেল
পোস্ট ডেস্ক :

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা ওয়েল কম্পানির ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী। তিনি বলেন, ‘আগামী ৩১ মার্চ এই ৭ হাজার মেট্রিক টন তেল আসা পুরোপুরি সম্পন্ন হবে।
এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় অর্ধলক্ষাধিক লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।
এর আগে ২৪ মার্চ দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়।
এর আগে চলতি বছরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে।




