কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
পোস্ট ডেস্ক :

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ড্রোন হামলার শিকার হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতি সীমিত ছিল এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনাকে দেওয়া এক প্রতিবেদনে বলেছেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। এই স্থানে এটিই প্রথম হামলা নয়।
বুধবার একটি ইরানি ড্রোন বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করেছিল।
এদিকে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধে হুতিদের হস্তক্ষেপ সংঘাতকে একটি নতুন রণাঙ্গনে প্রসারিত করার ঝুঁকি তৈরি করেছে। হুতিরা ২০২৩ সালের নভেম্বরে লোহিত সাগরে জাহাজগুলোর ওপর হামলা শুরু করে এবং ৭ অক্টোবরের হামলার পর নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
তারা দাবি করে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই কাজ করছে।
হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি নৌকা ও হেলিকপ্টার দিয়ে আরো দুঃসাহসিক হামলা চালিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানায়। ফলে কম্পানিগুলো তাদের জাহাজগুলোকে লোহিত সাগর থেকে সরিয়ে আফ্রিকার কেপ অব গুড হোপের দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হয়।
হুতিরা ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজের ওপরও হামলা চালায়। এর জবাবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুর ওপর ধারাবাহিক হামলা চালায় এবং হুথি বিদ্রোহীদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করার জন্য রয়্যাল নেভির একটি ডেস্ট্রয়ার মোতায়েন করে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে হুতিদের হস্তক্ষেপ নৌচলাচলের জন্য আরো উদ্বেগ বাড়াতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালি ইরান কর্তৃক কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার পর, যেখানে বেশ কয়েকটি ট্যাংকার আক্রান্ত হয়েছে।
২০১৪ সাল থেকে হুথিরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে, যখন তারা রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং একটি ভয়াবহ গৃহযুদ্ধ শুরু করে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত রয়েছে এবং তারা নিশ্চিত করেছে, এর আগে দেশটির দক্ষিণে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘গত রাতে আইডিএফ দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় আকাশ ও সমুদ্র থেকে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই মুহূর্তে আইডিএফ লেবাননজুড়ে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে।
’
আইডিএফ-এর আরবি মুখপাত্র আলাদাভাবে আরেকটি সরে যাওয়ার সতর্কতা জারি করে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলেছেন। এর আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলার খবর জানিয়েছিল।




