ট্রেনে কাটা পড়ে একই গ্রামে নিহত ৫
পোস্ট ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। তাদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে পুর্ব নিজপাড়া ও বোয়ালীদহ গ্রামে ৫ জনের মরদেহ পৌঁছায়। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ব্যস্ত কবর খনন ও দাফনের প্রস্তুতিতে।
নিহতরা হলেন-পূর্ব নিজপাড়া গ্রামের হামিদুজ্জামান মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) তার ছেলে নিরব মিয়া (১১), আজিজার রহমানের ছেলে সুলতান রহমান (২৫), আবদুর রশিদ মিয়ার মেয়ে রিফা আক্তার (২০) ও বোয়ালীদহ নামাপাড়া গ্রামের দোলা বেগম (২৫)।
নিহততের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সবাই টাঙ্গাইলের মির্জাপুর এলাকার গার্মেন্টসে চাকরি করতেন। এরই মধ্যে ঈদের ছুটি বাড়িতে আসেন তারা। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেয়ার জন্য শুক্রবার স্থানীয় পঁচার বাজার থেকে বনশ্রী বাসযোগে টাঙ্গাইলের দিকে রওনা হন। পথিমধ্যে কালিহাতী এলাকায় বাসটির তেল ফুরিয়ে যায়। এসময় যাত্রীরা অলস সময় পার করতে কেউ কেউ ট্রেন লাইনে বসে পড়েন। এতে হঠাৎ ট্রেনে কাটা পড়ে ওই ৫ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে হামিদুজ্জামান মিয়া বলেন, আমার স্ত্রী নার্গিস বেগম গার্মেন্টেসে চাকরি করে সংসার চালাতেন। এরই মধ্যে আমার স্ত্রী-সন্তান দুজনে ট্রেনে কাটা পড়ে মারা গেল। এখন আমি কিভাবে বাঁচবো। সাদুল্লাপুরে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন-ট্রেনে কাটা পড়ে আমাদের এলাকায় ৫ জন নিহতের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ইতোমধ্যে শোকাহত পরিবারে খোঁজখবর নেয়া হচ্ছে। পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।




