‘নতুন পরিকল্পনায়’ হরমুজ প্রণালি খুলতে যাচ্ছে ইরান
পোস্ট ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পরিচালনায় নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ইরান। প্রণালিটি দিয়ে এখন জাহাজ চলাচলে টোল বা শুল্ক আদায়ের নতুন সংসদীয় পরিকল্পনা দ্রুত অনুমোদনের কথা ভাবছে তেহরান।
সোমবার (৩০ মার্চ) ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি এ কথা জানান।
বোরুজেরদি বলেছেন, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা ‘যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে’।
প্রস্তাবিত এই ‘নতুন ব্যবস্থা’র অধীনে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
তিনি বলেন, ইরান এই প্রণালিতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও ভাবছে। যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে খরচ হয়, তাই এ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট টোল সংগ্রহের একটি কাঠামো তৈরি করতে হবে।
বোরুজেরদি বলেন, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পর এ চুক্তির ‘প্রাসঙ্গিকতা’ আর থাকে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ৩১তম দিন গড়িয়েছে যুদ্ধ।
ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।
সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। শত্রু দেশের জাহাজ আটকাতে তারা কড়াকড়ি আরোপ করলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেয়। ফলে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ হরমুজ প্রণালি দ্রুত চালু করার তাগাদা দিয়ে আসছে।




