যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
পোস্ট ডেস্ক :

ইরানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধে সৈন্য না পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এটি তাদের যুদ্ধ নয়। সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াব না। তবে বৃটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে বলে তিনি জানান।
স্টারমার আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে বৃটেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না। সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে বৃটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টারমার সরকার।




