আমার স্বামী কোথায়- সংসদে ইলিয়াস আলীর স্ত্রীর প্রশ্ন

Published: 30 March 2026

পোস্ট ডেস্ক :


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। একইসঙ্গে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লুনা বলেন, ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি প্রায় দেড় বছরের কাছাকাছি সময় হয়ে গেল, কিন্তু আমরা এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়? স্বজনদের অবস্থান ও পরিণতি জানতে চেয়ে তিনি বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনও জানিনা যে, তাদের অবস্থান কী? তাদের পরিণতি কী? মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান ও পরিণতি কী- তা জানতে চাই।

এ সময় তিনি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, গুমের শিকার হওয়া পরিবারগুলোর সদস্যদের আর্থিক জটিলতা নিরসন এবং তাদের পুনর্বাসনের জোর দাবি জানান। বিগত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্যও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানান এই সংসদ সদস্য।

প্রেসিডেন্টের ভাষণের প্রশংসা করে লুনা বলেন, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্থে যে, উনি বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের ভূমিকা এবং এই গুম-খুন নিয়ে সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নের জন্য উনি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ এদেশ থেকে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠিত হবে।