কী ঘটেছিল রাহুলের সঙ্গে?

Published: 31 March 2026

পোস্ট ডেস্ক :


সোমবার শুটিংয়ের সময় সমুদ্রের পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার এমন আকস্মিক মৃত্যুতে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে শোক। বাংলাদেশেও বেশ জনপ্রিয় রাহুল। তাই দেশের দর্শকরাও শোক প্রকাশ করছেন। তবে কীভাবে শুটিংয়ের এত মানুষের ভিড়ে এমন ঘটনা ঘটলো? কী ঘটেছিল আসলে রাহুলের সঙ্গে? সেই প্রশ্নের উত্তর জানতে পুলিশ উদ্ধার করেছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই। ধারাবাহিকটির শুটিং করতেই দিঘা গিয়েছিলেন রাহুলসহ পুরো শুটিং টিম। সেখানেই সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতার। তারপর থেকে ঘটনাটি ঘিরে উঠছে নানা প্রশ্ন। এদিকে, উদ্ধার হওয়া ক্যামেরার ফুটেজ থেকে জানা গেছে, শুটিং চলাকালীন নায়িকা শ্বেতা মিশ্রের হাত ধরে জলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। তারা হাত ধরে সমুদ্রের দিকে হাঁটবেন, এমনই ছিল দৃশ্যটি। দু’জনকেই বেশি গভীরে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু হাওয়া বেশি থাকায় তারা পরিচালক ও অন্য কলাকুশলীদের কথা শুনতে পাননি। জলে এগিয়ে যাওয়ার পরে প্রথমে পড়ে যান শ্বেতা। তাকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। বড় ঢেউ আসায় পড়ে যান অভিনেতাও। শ্বেতাকে তখনই উদ্ধার করা গেলেও রাহুল তলিয়ে যান। তাকে উদ্ধার করতে জলে নামে স্পিডবোট। শুট চলায় নাকি সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। পরিচালক শুভাশিস মণ্ডল জানিয়েছেন, হাঁটুর নিচ অবধি জলে রাহুল ও শ্বেতা ছিলেন। রাহুল তখন শ্বেতার হাত ধরে এগিয়ে যেতে থাকেন সমুদ্রের দিকে। তারা চিৎকার করে বারণ করেন। জায়গাটি ঝুঁকিবহুল। তবু তারা এগোতে থাকেন। পরিচালক আরও জানান, ইউনিটে যারা সাঁতার জানেন, তেমন ১০-১২ জনও এগিয়ে যেতে থাকেন রাহুল আর শ্বেতার দিকে। শ্বেতার পরনে শাড়ি থাকায় অভিনেত্রী টাল সামলাতে পারেননি। পরিচালকের দাবি, ততক্ষণে ওদের কাছে অনেকেই পৌঁছে যান। লাইফ বোটও এগিয়ে যায়। বোটে করে ওদের নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে অনেকটা জল খেয়ে ফেলেছিলেন রাহুল। তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসার পরও জ্ঞান ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় রাহুলকে।