হারানোর তিন দশক পর উদ্ধার

Published: 4 April 2026

পোস্ট ডেস্ক :


তিন দশকের অধিক আগে শিশু অবস্থায় রহস্যজনকভাবে হারিয়ে যায় ক্রিস্টিনা মেরি প্লান্ট। এতদিন পর তাকে জীবিত খুঁজে পাওয়া গেছে। এতে বিস্মিত সবাই। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ১৯৯৪ সালে নীল চোখ, স্বর্ণালি চুলের মেয়েটি বাড়ির কাছের ঘোড়ার আস্তবল দেখভাল করার সময় হারিয়ে যায়। সেই সময় মেয়েটির বয়স ছিলো তের বছর। গিলা কাউন্টি শেরিফ অফিস বুধবার জানায়, কয়েক দশক আগে ফিনিক্সের উত্তর-পূর্বে অবস্থিত স্টার ভ্যালি নামের এক ছোট্ট শহর থেকে হারিয়ে যাওয়া ক্রিস্টিনা মেরি প্লান্টকে খুঁজে পাওয়া গেছে। কর্মকর্তারা জানাননি কিভাবে তাকে খুঁজে পাওয়া যায়। তবে তারা এটা জানিয়েছেন যে প্রযুক্তি তাদেরকে নতুন সূত্র পেতে সহয়তা করেছে। তারা এটাও নিশ্চিত করেননি কোথায় এবং কিভাবে তাকে পাওয়া যায়। সেই সময়ের হারানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, শেষ দেখায় তার পরনে ছিলো সাদা টি-শার্ট, মিশ্র রঙের শর্টস এবং কালো টেনিস জুতো। তার হারিয়ে যাওয়া ছিলো রহস্যজনক এবং কর্মকর্তারা সন্দেহ করছিলেন সে হয়তো বিপদে আছে। কর্মকর্তারা জানান ক্রিস্টিনার নাম হারানো শিশুদের জাতীয় তালিকায় অর্ন্তভূক্ত ছিলো। সেসময় তার ছবি সংবলিত নিখোঁজ সংবাদ রাজ্যজুড়ে এবং দেশজুড়ে বিতরন করা হয়। তারা আরো জানায় এ নিয়ে পুলিশে ডায়েরি করা হয়েছিল। তা বছরের পর বছর চালু ছিলো। সময়ের সাথে সাথে প্রমানাদি পুনঃপরীক্ষা করা হতো। তারা নিশ্চত করেন ৩২ বছর পর তাকে জীবিত খুঁজে পাওয়া গিয়েছে। কর্মকর্তারা তার পরিচয় নিশ্চিত হয়েছেন। তবে তারা ক্রিস্টিনার গোপনীয়তা রক্ষায় এবং তার ইচ্ছায় এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করছে না।