জীবন দিতে প্রস্তুত ১ কোটি ৪০ লাখের বেশি ইরানি: পেজেশকিয়ান

Published: 7 April 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন ইরানিরা। দেশের প্রতিরক্ষায় এক কোটি ৪০ লাখের বেশি ইরানি প্রাণ দিতে প্রস্তুত। এভাবেই ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এক্সে লিখেছেন, ‘এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখেরও বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও অতীতে করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকব।’ এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। নাগরিকদের এই আহ্বান ‘জানফাদা (জীবন উৎসর্গ) ফর ইরান’ নামের একটি প্রচারণার অংশ। এই প্রচারণা গত মাসে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর চালু করা হয় এবং এর লক্ষ্য জাতীয় ঐক্য জোরদার করা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সময়সীমা দেয়ার পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সব বড় ধরনের ঘাঁটি বা স্বার্থে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানকে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। সেই সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু উভয় পক্ষই অনড় অবস্থানে। ট্রাম্প বলেছেন, তিনি এক রাতের মধ্যেই ইরানকে ধ্বংস করে দিতে পারেন। অন্যদিকে ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী তরুণদের আহ্বান জানিয়েছেন, যাতে তারা বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে ‘মানব ঢাল’ তৈরি করে। হরমুজ প্রণালি না খুললে ইরানের অবকাঠামোতে বোমা হামলা চালাতে ট্রাম্প বদ্ধ পরিকর। তারই জবাবে এমন অবস্থান নিচ্ছে ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস ট্রাম্পের দেশ ধ্বংসের হুমকিকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।