বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ পার হতে দিচ্ছে না ইরান

Published: 10 April 2026

পোস্ট ডেস্ক :


যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের বন্দর ছেড়েছিল গত বুধবার। প্রায় ৪০ ঘণ্টা পর আজ শুক্রবার হরমুজ প্রণালির কাছাকাছি এলেও পার হওয়ার অনুমতি দিচ্ছে না ইরান।

জানা গেছে, এ দিন সকালের দিকে ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে ফের নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেছেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো জানান, কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জয়যাত্রা এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে।

পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত আরব আমিরাতের শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে বলেও জানান তিনি।