সংরক্ষিত নারী আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু

Published: 10 April 2026

পোস্ট ডেস্ক :


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থাকবেই। আপনারা দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছেন। আপনাদের প্রাণের একটি আকুতি আছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।’

সংরক্ষিত আসনে সদস্য হওয়ার যোগ্যতা তুলে ধরে রিজভী বলেন, ‘আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত ১৬ /১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতা এবং অন্যান্য সমস্ত যোগ্য, যে যোগ্যতা থাকা দরকার-সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড, তারা সিদ্ধান্ত নেবেন।’

পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা সবাইকে মান্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা (মনোনয়ন) আমি পেলাম না এবং এক ধরনের বিশ্রি পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। কারণ আপনারা এই দলের জন্য অনেক দুঃখ-কষ্ট সহ্য করেছেন, অনেক বেদনা আপনাদেরকে পোহাতে হয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস।’ রিজভী জানান, মনোনয়ন ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে আবার ফরম জমা দিতে হবে।

প্রথম ফরমটি রিজভী তুলে দেন জেরিন দেলোয়ার হোসেনের হাতে। দ্বিতীয় ফরমটি তুলে দেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিণী ফাতেমা আসাদের হাতে। এরপর বিএনপির নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক, পেয়ারা মোস্তফা প্রমুখের হাতের ফরম তুলে দেন রিজভী।
এ সময় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও তারিকুল ইসলাম তেনজিং উপস্থিত ছিলেন।

ওদিকে সংরক্ষিত নারী আসনে ফরম বিক্রির জন্য কয়েকশ মহিলা নেত্রী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তারা লাইনে দাঁড়িয়ে ফরমের জন্য ২ হাজার টাকা দিয়ে দিয়ে রিসিট কাটেন। ফরম তোলা নিয়ে নারী নেত্রীদের মধ্যে আবেগ উচ্ছ্বাসও প্রকাশ পেতে দেখা গেছে।

গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।