স্ত্রীকে হত্যা করে লাশ উদ্ধারে প্রতিবেশীকে স্বামীর ফোন

Published: 11 April 2026

পোস্ট ডেস্ক :


গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরে রেখে তালা ঝুলিয়ে পালিয়ে যান স্বামী। পরে এক প্রতিবেশীকে ফোন করে ঘরে তার স্ত্রীর লাশ আছে জানালে খবর পেয়ে তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌর শহরের বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম ঝর্ণা আক্তার (১৭)।

সে ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে।
অভিযুক্ত মো. অপু (২৭) পরিবহন চালক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তার ঠিকানা জানাতে পারেননি পুলিশ।

স্বজনরা জানায়, প্রায় দুই বছর আগে পারিবারিক অমতে ঝর্ণা ওই তরুণকে বিয়ে করেন।

বিয়ের পর ওই এলাকার মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তারা।
ঝর্ণার বাবা হামিদুল ইসলাম জানান, তাদের অমতে বিয়ে করায় তার মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল না।

বাড়ির মালিক লাভলী আক্তার জানান, শনিবার সন্ধ্যায় প্রতিবেশী তানিয়া আক্তারকে ফোন করে মো. অপু হত্যার ঘটনা জানিয়ে মরদেহটি উদ্ধারের জন্য বলেন। বিষয়টি জেনে তারা সেখানে গিয়ে ঘরের দরজায় তালা ঝুলতে দেখেন।

খবর পেয়ে থানা পুলিশ তালা ভেঙে মরদেহটি উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।