কুষ্টিয়ায় আস্তানায় ঢুকে পীরকে কুপিয়ে হত্যা
পোস্ট ডেস্ক :

কুষ্টিয়ার দৌলতপুরে শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী। এ সময় তার আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ বিশ্লেষণ সেবা
স্থানীয়রা জানান, শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের দেয়া পবিত্র কোরআন অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে তার আস্তানায় হামলা চালায়। এ সময় হামলকারীরা শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে অগ্নিসংযোগ করে। পরে শামীমের ভক্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ভাইরাল ভিডিওটি তারা দেখেছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করা হচ্ছে। তারপর মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করলে হামলায় শামীম নিহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।




