সংরক্ষিত নারী আসনে দু’দিনে বিএনপি’র সহস্রাধিক ফরম বিক্রি

Published: 11 April 2026

পোস্ট ডেস্ক :


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র বিক্রি আজ (রোববার) শেষ হচ্ছে।

এর আগে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। রোববার মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার শেষদিন বলে জানিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দুইদিনেই সহস্রাধিক নারীপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুধু শুক্রবারই প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। অনেক প্রার্থী ইতিমধ্যে ফরম পূরণ করে জমাও দিয়েছেন।

আন্দোলন-সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে, যারা সংসদে কথা বলার দক্ষতা রাখেন এবং সমাজে যাদের সুনাম রয়েছে-সংরক্ষিত নারী আসনে দল তাদেরই অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে তিনি এ সব কথা বলেন।

মনোনয়ন বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে রিজভী বলেন, দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত একটি বোর্ডের কাছে আবেদনগুলো পাঠানো হবে। কী পদ্ধতিতে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে, তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্য বাছাই করে, এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, গত ১৬-১৭ বছর একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। এখন যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

তিনি বলেন, বর্তমান সংসদসহ স্থানীয় সরকার ব্যবস্থার সব স্তরে- জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নিশ্চিত করার পরিবেশ গড়ে উঠছে।

সংরক্ষিত নারী আসনে নারীদের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, বিগত আন্দোলনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীন মত প্রকাশ করায় গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সেইসব সাহসী নারীদের দল অবশ্যই মূল্যায়ন করবে।

এর আগে গত ৮ই এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩শে এপ্রিল। আপিল করা যাবে ২৬শে এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০শে এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে একটি আসন।