হরমুজ প্রণালিতে ইরানি বন্দরে মার্কিন অবরোধ শুরু

Published: 13 April 2026

পোস্ট ডেস্ক :


মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নৌ অবরোধ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার (স্থানীয় সময় সকাল ১০টা) থেকে এই অবরোধ শুরু হয়। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আগেই নাবিকদের জন্য দেয়া এক সতর্কবার্তায় জানায়, অবরুদ্ধ এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ বা প্রস্থান করা যেকোনো জাহাজকে থামানো, ঘুরিয়ে দেয়া কিংবা জব্দ করা হতে পারে। একই সঙ্গে প্রকাশিত এক মানচিত্রে দেখা গেছে, এ অঞ্চলে অন্তত ১৭টি মার্কিন নৌযান মোতায়েন রয়েছে।

এদিকে, ইরান এই অবরোধকে ‘জল দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে এর কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ চলমান নাজুক যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে এবং পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলতে পারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এখানে যেকোনো উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।